প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ০৪:২৬ পিএম
2052
রবিবার ১৭, মে ২০২৬ -- : -- --
বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইরানের সামরিক স্থাপনাগুলোতে হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য।
শুক্রবার এক সরকারি বিবৃতিতে যুক্তরাজ্যের পক্ষ থেকে জানানো হয়, ব্রিটিশ মন্ত্রিসভা ইরান ও হরমুজ প্রণালিতে চলমান পরিস্থিতি নিয়ে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, হরমুজ প্রণালিতে জাহাজে হামলার সক্ষমতা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে পারবে।
তবে বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, যুক্তরাজ্য সরাসরি কোনো সামরিক হামলায় অংশ নেবে না। তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে এবং এটি কেবলমাত্র সম্মিলিত প্রতিরক্ষামূলক সহায়তার অংশ হিসেবে বিবেচিত হবে।
এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রাথমিকভাবে প্রত্যাখ্যান করেছিলেন। তিনি তখন বলেছিলেন, যেকোনো সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইনসম্মত কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া প্রয়োজন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের দেরিতে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, যুক্তরাজ্যের মতো ঘনিষ্ঠ মিত্রের আরও দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত ছিল এবং এ ধরনের পরিস্থিতিতে তারা সবসময় যুক্তরাষ্ট্রের পাশে থেকেছে।
যুক্তরাজ্যের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি এক্স-এ দেওয়া বার্তায় বলেন, এই পদক্ষেপ ব্রিটিশ নাগরিকদের জীবন ঝুঁকির মুখে ফেলতে পারে। তার মতে, যুক্তরাজ্যের এ সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে জানান, ইরান তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে এবং প্রয়োজন হলে উপযুক্ত জবাব দেওয়া হবে।
যুক্তরাষ্ট্রকে ব্যবহারের অনুমতি দেওয়া ব্রিটিশ ঘাঁটিগুলোর মধ্যে রয়েছে গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড এবং ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া। এর মধ্যে আরএএফ ফেয়ারফোর্ড যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ইউরোপীয় ঘাঁটি, যেখান থেকে বি-৫২ এবং বি-১বি মতো ভারী বোমারু বিমান পরিচালনা করা যায়।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে এবং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।
সূত্র: রয়টার্স, বিবিসি