প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০৯:০৮ এএম
2048
রবিবার ১৭, মে ২০২৬ -- : -- --
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বক্তব্য দিচ্ছেন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা বেসরকারি ক্লিনিকগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ ও সুশৃঙ্খল নিয়ন্ত্রণের আওতায় আনা জরুরি।
তিনি বলেন, জনগণকে নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে হলে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়মিত তদারকি করতে হবে।
মঙ্গলবার ঢাকার হোটেল সোনারগাঁও–এর পদ্মা হলে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যখাতকে আরও উন্নত করতে হলে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতকেও কার্যকরভাবে সম্পৃক্ত করতে হবে। কারণ দেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বর্তমানে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ওপর নির্ভরশীল। তাই এসব প্রতিষ্ঠানের সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল। এ সময় সংগঠনের মহাসচিব এ এম শামীম বক্তব্য দেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফরহাদ হালিম ডোনার এবং সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন।
ইফতার মাহফিলে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ স্বাস্থ্যখাতের সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন। বক্তারা দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন এবং এ ক্ষেত্রে কার্যকর নীতিমালা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।